
বিজেপির নতুন জাতীয় সভাপতির ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সি নেতা নীতীন নবীনকে ‘মিলেনিয়াল’ বলে সম্বোধন করেন তিনি। তাঁর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “দলের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবেন নীতীন নবীন। দলের কথা বলতে গেলে, নীতীন নবীনই বস, আর আমি একজন দলের কর্মী।” এদিন দিল্লিতে বিজেপি কর্মীদের উদ্দেশে এই কথা বলেন প্রধানমন্ত্রী। মোদি আরও বলেন, “আজকের তরুণদের ভাষায় বলতে গেলে, নীতীনজি নিজেই এক অর্থে মিলেনিয়াল। তিনি সেই প্রজন্মের মানুষ যাঁরা ভারতে বড় ধরনের অর্থনৈতিক, সামাজিক এবং প্রযুক্তিগত রূপান্তর প্রত্যক্ষ করেছেন। তিনি সেই প্রজন্মের মানুষ যাঁরা শৈশবে রেডিও থেকে তথ্য পেতেন আর এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন।” এরপরই মোদির সংযোজন, “নীতীনজি তারুণ্যের শক্তি এবং সাংগঠনিক কাজে তাঁর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। যা আমাদের দলের প্রতিটি কর্মীর জন্য খুবই উপকারী হবে।”
