
মঙ্গলবার থেকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে রাজধানীর লঙ্কামুড়া আলপনা গ্রামের মধ্যে আলপনা ও পিঠে পুলির উৎসব ২০২৬। মেলার উদ্বোধন করেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ। কৃষিমন্ত্রী রতন লাল নাথ বক্তব্য রেখে বলেন, আজ থেকে মেলা শুরু হয়েছে। তিন দিনব্যাপী চলবে মেলা। ধীরে ধীরে মেলার জমজমাট বাড়বে। মন্ত্রী বলেন, আলপনা গ্রামে এসে দেখা গেছে মানুষ মাটির সঙ্গে জড়িত। শিল্পের মাধ্যমে সংস্কৃতি বাঁচিয়ে রেখেছে। আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের সেতু বন্ধন ঘটিয়েছে। এটাই আমাদের দেশ ভারতবর্ষ। শীতকালে প্রকৃতি তার রূপ বদলায়। মাঠে সোনালী ফসল হাসে। আকাশে নীলের প্রশান্তি। আর মানুষের মনে উৎসব উচ্ছ্বাস। তাই এই সময়ে বিভিন্ন অনুষ্ঠান যাত্রা গান, মেলা, হরিনাম সংগীত, বাউল চলে। এর পেছনে রয়েছে প্রকৃতি ও সংস্কৃতি। এগুলি হাজার হাজার বছর ধরে চলে আসছে। এটাই ফসল তোলার সময় এবং কৃষকদের সাফল্যের সময় বলে জানান তিনি।
